
মো: মাসুদ রানা (নিজস্ব প্রতিনিধি):
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার সীমান্তবর্তী এলাকায় ছয়জনের একটি ডাকাত দলের হামলায় এক গরু ব্যবসায়ী আহত হয়েছেন। এ সময় তাঁর কাছ থেকে নগদ ২০ লাখ টাকা, একটি সাধারণ মোবাইল ফোন ও একটি আইফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি)-এর অধীন চালিতাছড়া বিওপি থেকে আনুমানিক দুই কিলোমিটার পূর্ব দিকে ঘাগড়াছড়া নামক স্থানে এ ঘটনা ঘটে। স্থানটি সীমান্ত পিলার ২২২৫/২ আরবি ও ২২২৬/৪ আরবি-এর মধ্যবর্তী এলাকায় অবস্থিত। সংশ্লিষ্ট জিআর পিলার নম্বর ৮৫৫৫১৩ এবং ম্যাপ শিট ৭৯-এম/১৬ বলে উল্লেখ করা হয়েছে। জানা গেছে, চট্টগ্রামের ভূজপুর থানার বাগানবাজার এলাকা থেকে মোটরসাইকেলযোগে তাইদং বাজারে গরু কিনতে যাওয়ার পথে ওই ব্যবসায়ীর ওপর হামলা চালায় ছয়জনের একটি ডাকাত দল। এ সময় দুর্বৃত্তরা তাঁকে ছুরি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। পরে তাঁর কাছ থেকে নগদ ২০ লাখ টাকা, একটি সাধারণ মোবাইল ফোন ও একটি আইফোন ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।
আহত ব্যক্তিরা হলেন, মো. আবু আহম্মেদ মুঞ্জুর (৪৫) এবং তাঁর ছেলে মো. কামরুল হাসান হৃদয়ের (২৫), তাঁদের ঠিকানা চট্টগ্রামের ভূজপুর থানাধীন বাগানবাজার ইউনিয়নের জাতির চর এলাকা বলে জানাযায়।
এ ঘটনায় আহত ব্যবসায়ীর শারীরিক অবস্থা, ডাকাতির সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্য ও ঘটনার বিস্তারিত তথ্য পাওয়া গেলে পরবর্তী সময়ে তা প্রকাশ করা হবে।