
মোঃ মাসুদ রানা (নিজস্ব প্রতিবেদক): চট্টগ্রামের হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি রোগী পরিবহনের জন্য নিয়োজিত সরকারি অ্যাম্বুলেন্স চালককে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার (টিএইচও) দাপ্তরিক জিপ গাড়ি চালানোর কাজে ব্যবহারের অভিযোগ উঠেছে। এতে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি অ্যাম্বুলেন্স সেবা ব্যাহত হচ্ছে এবং সংকটাপন্ন রোগীরা ভোগান্তিতে পড়ছেন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
অভিযোগ অনুযায়ী, হাটহাজারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাপস কান্তি মজুমদার কর্মস্থলে যোগদানের পর থেকে সরকারি অ্যাম্বুলেন্স চালক আরমানকে তার দাপ্তরিক জিপ গাড়ি চালানোর কাজে নিয়মিত ব্যবহার করছেন।
অনুসন্ধানে জানা যায়, সকালে চালক আরমান শহর থেকে সরকারি অ্যাম্বুলেন্স নিয়ে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। এরপর অ্যাম্বুলেন্স রেখে ওই চালকই টিএইচও’র দাপ্তরিক জিপ গাড়ি চালিয়ে কর্মকর্তাকে নিয়ে শহরের দিকে যান। পরে দুপুর বা বিকেলে একইভাবে কর্মকর্তাকে নিয়ে আবার স্বাস্থ্য কমপ্লেক্সে ফিরে আসেন। এভাবে নিয়মিত যাতায়াতের কারণে জরুরি রোগী পরিবহনের জন্য নির্ধারিত চালক দিনের গুরুত্বপূর্ণ সময় অন্য গাড়ি চালানোর কাজে ব্যস্ত থাকেন বলে অভিযোগ রয়েছে।
জরুরি রোগী পরিবহনে ভোগান্তির অভিযোগ
স্থানীয়দের অভিযোগ, জরুরি মুহূর্তে রোগীকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করা হলেও অনেক সময় সরকারি অ্যাম্বুলেন্স পাওয়া যায় না। ফলে রোগীর স্বজনদের বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়ায় বেসরকারি অ্যাম্বুলেন্স ভাড়া করতে হয়।
এতে দরিদ্র ও নিম্নআয়ের রোগীদের পরিবারকে বাড়তি আর্থিক চাপের পাশাপাশি সংকটাপন্ন রোগীকে দ্রুত হাসপাতালে নেওয়া নিয়েও তৈরি হয় অনিশ্চয়তা।
অভিযোগের বিষয়ে অ্যাম্বুলেন্স চালক আরমান বলেন, “আমি কর্মক্ষেত্রের চালক হিসেবেই নিয়োগ পেয়েছি। কর্মকর্তার নির্দেশ পালন করতেই আমাকে জিপ গাড়ি চালাতে হয়।”
তবে জরুরি রোগী পরিবহনে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ অস্বীকার করেন তিনি।
টিএইচও’র বক্তব্য
অ্যাম্বুলেন্স চালক দিয়ে জিপ গাড়ি চালানোর বিষয়টি নিয়ে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাপস কান্তি মজুমদারের বক্তব্য জানতে চাইলে তিনি জানান, তার ব্যক্তিগত চালক নেই। এ কারণে নিয়োগপ্রাপ্ত চালককেই কাজে ব্যবহার করা হয়।
তবে এ ব্যবহারের ক্ষেত্রে কোনো অনিয়ম বা অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছেন তিনি।
‘সরকারি বিধি অনুযায়ী গ্রহণযোগ্য নয়’—সিভিল সার্জন
অভিযোগের বিষয়ে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, সরকারি বিধি অনুযায়ী জরুরি রোগী পরিবহনের জন্য নিয়োজিত অ্যাম্বুলেন্স চালককে অন্য কাজে ব্যবহার করা গ্রহণযোগ্য নয়।
তিনি বলেন, অ্যাম্বুলেন্স চালক সার্বক্ষণিক জরুরি ও রেফার্ড রোগী পরিবহনের দায়িত্বে থাকার কথা। সরকারি গাড়ির ব্যবহার নিয়ে অনিয়মের অভিযোগ থাকলে লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রশ্ন উঠেছে সরকারি সম্পদের ব্যবহার নিয়ে
স্বাস্থ্যসেবার মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে জরুরি রোগী পরিবহনের জন্য নির্ধারিত চালককে অন্য কাজে ব্যবহার করা হলে তা শুধু প্রশাসনিক অনিয়মের প্রশ্নই নয়, বরং জরুরি চিকিৎসাসেবার ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
স্থানীয়দের দাবি, অভিযোগটি নিরপেক্ষভাবে তদন্ত করে সত্যতা যাচাই করা হোক। একই সঙ্গে জরুরি রোগী পরিবহনের অ্যাম্বুলেন্স ও চালক যেন সবসময় রোগীদের সেবায় প্রস্তুত থাকে, সে বিষয়েও কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।