
মো: মাসুদ রানা, (নিজস্ব প্রতিনিধি):
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় চেক জালিয়াতির অভিযোগে দায়ের করা মামলায় মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রদ্বীপ কুমার দাশকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরের দিকে মাটিরাঙ্গা বাজারের ‘মারমা হোটেল’ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, চেক জালিয়াতির অভিযোগে দায়ের করা দুটি পৃথক সিআর মামলায় আদালত থেকে প্রদ্বীপ কুমার দাশের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। আদালতের ওই পরোয়ানার ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
মাটিরাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করে জানান, দুটি সিআর মামলায় আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
মাটিরাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মো. আশরাফুল ইসলাম মুন্না বলেন, “আদালতের পরোয়ানাভুক্ত আসামি হওয়ায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ২১৩৫/২০২৪ ও ৫১৪/২০২৫ নম্বরের দুটি সিআর মামলায় ওয়ারেন্ট ছিলো।
তিনি আরও জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার প্রদ্বীপ কুমার দাশকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।