
মো: মাসুদ রানা (নিজস্ব প্রতিনিধি):খাগড়াছড়ির মাটিরাঙ্গায় নতুন পাড়া জামে মসজিদের নবনির্মিত ভবন উদ্বোধন করেছেন ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি।
সরকারি সফরসূচি অনুযায়ী মাটিরাঙ্গায় পৌঁছালে প্রতিমন্ত্রীকে স্বাগত জানান স্থানীয় জনসাধারণ, রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এ সময় তাকে বরণ করে নিতে হাজারো মানুষের উপস্থিতিতে মাটিরাঙ্গায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
সফরকালে প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়া এমপি। পরে তারা মাটিরাঙ্গার নতুন পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে উপস্থিত হন। সেখানে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন মসজিদের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন।
উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় মুসল্লি, গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। মসজিদের নবনির্মিত ভবন উদ্বোধনকে ঘিরে স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
পৌর বিএনপির সভাপতি মো: শাহজালাল কাজল বলেন, দীর্ঘদিনের প্রত্যাশিত মসজিদ ভবনের নির্মাণকাজ সম্পন্ন হওয়ায় এলাকাবাসীর মধ্যে সন্তোষ প্রকাশ করতে দেখা যায়। স্থানীয়রা জানান, নবনির্মিত এই মসজিদ ভবন ধর্মীয় ইবাদত-বন্দেগির পাশাপাশি এলাকার মানুষের পারস্পরিক সম্প্রীতি ও সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখবে।
উল্লেখ্য, ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বর্তমানে ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।