
নিজস্ব প্রতিনিধি: খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার বর্ণাল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির নবঅনুমোদিত কমিটি নিয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। কমিটিতে ত্যাগী ও দীর্ঘদিনের নেতাকর্মীদের মূল্যায়ন না করার অভিযোগ তুলে নতুন কমিটি বাতিল করে যোগ্য ও ত্যাগী নেতাকর্মীদের সমন্বয়ে কমিটি গঠনের দাবি জানিয়েছেন বঞ্চিত নেতাকর্মীরা।
বুধবার (২৬ আগস্ট) বিকেলে বর্ণাল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বোড অফিস বাজার এলাকায় এ প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রথমে নেতাকর্মীরা স্লোগান দিয়ে বোড অফিস বাজার প্রধান সড়ক ও বাজার প্রদক্ষিণ করেন। পরে অস্থায়ী দলীয় কার্যালয়ের সামনে গিয়ে কর্মসূচি শেষ করেন। প্রদক্ষিণ শেষে প্রধান সড়কের পাশে আয়োজিত প্রতিবাদ সভায় ভুক্তভোগী নেতাকর্মীরা বক্তব্য দেন।
প্রতিবাদ সভায় ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি পদে চারজন প্রার্থীর নাম উল্লেখ করা হয়। তারা হলেন—মো. আলমগীর হোসেন (সুমন), সাবেক আহ্বায়ক সদস্য, বর্ণাল ইউনিয়ন যুবদল; মো. শাহজাহান, সাবেক সিনিয়র সহ-সভাপতি ও ভারপ্রাপ্ত সভাপতি, ৬ নম্বর ওয়ার্ড বিএনপি; মো. খলিলুর রহমান, সাবেক সহ-সভাপতি এবং মো. জমির আলী, সাবেক কোষাধ্যক্ষ, ৬ নম্বর ওয়ার্ড বিএনপি।
সাধারণ সম্পাদক পদে প্রার্থী হিসেবে রয়েছেন মো. আসাদুজ্জামান এরশাদ, সাবেক নির্বাহী সদস্য, ৬ নম্বর ওয়ার্ড বিএনপি এবং মো. বিল্লাল হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ৬ নম্বর ওয়ার্ড বিএনপি। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মো. আবদুল মান্নান, সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক, প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে জানানো হয়।
বিক্ষুব্ধ নেতাকর্মীদের অভিযোগ, তারা গত ১৭ বছর ধরে খাগড়াছড়ি জেলার বিএনপির বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। এ সময় তারা হামলা-মামলার শিকার হয়েছেন এবং রাজনৈতিক কারণে অনেকেই চাকরি ও বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। দীর্ঘদিন দলের সঙ্গে সক্রিয়ভাবে থাকার পরও তাদের বাদ দিয়ে সম্প্রতি অগোচরে ৬ নম্বর ওয়ার্ড বিএনপির একটি কমিটি অনুমোদন দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তারা।
তাদের দাবি, নতুন অনুমোদিত কমিটিতে বিএনপির আদর্শ ও রাজনীতির সঙ্গে দীর্ঘদিনের সম্পৃক্ততার পরিবর্তে ‘হাইব্রিড’ ও বিএনপি-বিরোধী হিসেবে পরিচিত ব্যক্তিদের প্রাধান্য দেওয়া হয়েছে। এ ধরনের অনিয়মের মাধ্যমে গঠিত কমিটি তারা মানেন না এবং দ্রুত তা বাতিল করে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের সমন্বয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান।
প্রতিবাদ সভার খবর পেয়ে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক-২ মো. মমিনুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষুব্ধ নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন। তিনি তাদের শান্ত করেন এবং বিষয়টি ঊর্ধ্বতন নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
এ সময় প্রতিবাদে অংশ নেওয়া নেতাকর্মীরা বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত সমাধানের জন্য খাগড়াছড়ির বিএনপির নেতৃবৃন্দের পাশাপাশি জনাব আব্দুল ওয়াদুদ ভূইয়া এমপির সুদৃষ্টি কামনা করেন। তারা আশা প্রকাশ করেন, দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের স্বার্থ বিবেচনায় নিয়ে তিনি বিষয়টির একটি গ্রহণযোগ্য সমাধানে ভূমিকা রাখবেন।
তবে এ বিষয়ে নবঅনুমোদিত কমিটির দায়িত্বশীলদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে তুলে ধরা হবে।