নিজস্ব প্রতিনিধি: কিশোরগঞ্জের কুলিয়ারচরে সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮টার পর দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখায় ৯ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৫ আগস্ট) রাত ৮টার পর উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত অভিযানে এসব প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়াসিন খন্দকার। এ সময় কুলিয়ারচর থানা পুলিশ ও আনসার-ভিডিপির সদস্যরা সহযোগিতা করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি নির্দেশনা অনুযায়ী রাত ৮টার পর মার্কেট, দোকানপাট ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার কথা। তবে নির্ধারিত সময়ের পরও কয়েকটি প্রতিষ্ঠান খোলা রেখে ব্যবসা পরিচালনা করা হচ্ছিল। বিষয়টি নজরে আসার পর নিয়মিত তদারকির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে রাত ৮টার পর খোলা পাওয়া বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। এ সময় মোট ৯টি প্রতিষ্ঠানের মালিককে জরিমানা করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে জরিমানার মোট পরিমাণ জানা যায়নি।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের সরকারি নির্দেশনা মেনে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিষ্ঠান বন্ধ করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে রাত ৮টার পর দোকান, মার্কেট বা ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখলে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।
প্রশাসনের কর্মকর্তারা জানান, সরকারি নির্দেশনা বাস্তবায়নের পাশাপাশি বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়, ব্যবসা পরিচালনায় শৃঙ্খলা এবং নির্ধারিত সময়সূচি নিশ্চিত করতেই এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে।
এদিকে, রাত ৮টার পর দোকানপাট বন্ধ রাখার নির্দেশনা কার্যকর করতে নিয়মিত অভিযান পরিচালনার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। নির্দেশনা অমান্য করলে বিধি অনুযায়ী দায়ী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হবে।