
নিজস্ব প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় শনিবার (০৭ই জানুয়ারি)২০২৬ বিকাল বেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ঐতিহাসিক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
জনসভাটি বাংলাদেশ জামায়াতে ইসলামী বেলকুচি উপজেলা শাখার আমীর জনাব আরিফুল ইসলাম সোহেলের সভাপতিত্বে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত ও ১১ দলীয় জোট সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকে ৬৬ সিরাজগঞ্জ-৫ (বেলকুচি ,চৌহালি ,এনায়েতপুর) আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব অধ্যক্ষ মোঃ আলী আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, কেন্দ্রীয় নেতা মাওলানা ইব্রাহিম রনি এবং এনডিপির যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ মাহিন সরকার।
প্রধান বক্তা মোঃ আলী আলম তাহার বক্তব্যে বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ১১ দলীয় জোট নির্বাচিত হলে তিনি বেলকুচি ও চৌহালির ঐতিহ্যবাহী তাঁত শিল্পকে আরও সমৃদ্ধ করে আন্তর্জাতিক মানের কাপড় উৎপাদনের ব্যবস্থা করবেন। তাঁতশিল্পীদের ন্যায্য মূল্য নিশ্চিত করার পাশাপাশি আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণের মাধ্যমে এ শিল্পকে লাভজনক করে তুলবেন।
এ সময়ে তিনি আরও বলেন, কৃষকদের উন্নয়নের জন্য কৃষিতে আধুনিক যন্ত্রপাতি সরবরাহ, উন্নত বীজ ও সার নিশ্চিত করা হবে। পাশাপাশি নদীভাঙন রোধে কার্যকর ও স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এলাকায় গ্যাস সংযোগসহ প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে।
তিনি জনগণের উদ্দেশে বলেন, বেলকুচি ও চৌহালিকে একটি উন্নত, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ জনপদে পরিণত করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং পরিবর্তনের পক্ষে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রতিমন্ত্রী মেজর মঞ্জুর কাদের (অবঃ) । তিনি মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করার আহ্বান জানান।
অনুষ্ঠানে ইসলামিক ও নির্বাচনী সংগীত পরিবেশন করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গীতিকার ও সুরকার ওবায়দুল্লাহ তারেক এবং অ্যাডভোকেট রোকনুজ্জামান।
সভায় বেলকুচি উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে জামায়াতে ইসলামীর নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। জনসভাটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।